শুক্রবার ২০, ফেব্রুয়ারি ২০২৬

শুক্রবার ২০, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

বুটেক্সে টিভা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার

সানজানা শওকত,বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম

ফাইল ফটো।

বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতে ভ্যালু অ্যাডেড বাণিজ্যের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক পরিসরে আলোচনা জোরদার করতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক গবেষণা সেমিনার।

“ট্রেড ইন ভ্যালু-এডেড (টিআইভিএ) ইন বাংলাদেশ’স টেক্সটাইল এন্ড এপারেল ইন্ডাস্ট্রি” শীর্ষক এ সেমিনারটি আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সেমিনারটির আয়োজন করছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ।

সেমিনারটির আয়োজক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাসুম জানান, বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের বৈশ্বিক ভ্যালু চেইনে অবস্থান, ভ্যালু অ্যাডিশনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং নীতিগত করণীয় নিয়ে সেমিনারে গুরুত্বপূর্ণ গবেষণাভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে ছয়জন বিশ্ববিদ্যালয় অধ্যাপকসহ মোট ৮ জন বিদেশি গবেষক ও বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন, যা আন্তর্জাতিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, পিএইচডি গবেষক, এমএসসি ও এমবিএ শিক্ষার্থী এবং চতুর্থ বর্ষের বিএসসি শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অংশগ্রহণের ক্ষেত্রে প্রি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আগ্রহী অংশগ্রহণকারীরা নিচের লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন যার শেষ সময় ২০ ফেব্রুয়ারি ২০২৬।

রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/bC5jPaENp2PUMpmXA

এছাড়া, যেসব গবেষক সেমিনারে তাদের গবেষণা উপস্থাপন করতে আগ্রহী, তাদেরকে ২০ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে head@tem.butex.edu.bd ঠিকানায় গবেষণাপত্র জমা দিতে বলা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করবেন।সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন জাপানের রিতসুমেইকান বিশ্ববিদ্যালইয়ের অধ্যাপক ড. কাজুও ইনাবা।

আয়োজকদের প্রত্যাশা, এই আন্তর্জাতিক গবেষণা সেমিনার বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পে ভ্যালু অ্যাডেড বাণিজ্য নিয়ে নীতিনির্ধারক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংলাপ গড়ে তুলবে এবং খাতটির টেকসই উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে।

Link copied!