প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ পরবর্তী এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জ্ঞাপন করেছেন। অভিনন্দন বার্তায় ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের এক নতুন উচ্চতায় আসীন হবে। তাঁর তারুণ্যদীপ্ত চিন্তা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার দেশের আপামর জনসাধারণের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তাঁর বিশেষ অগ্রাধিকার এ দেশের মেধাভিত্তিক সমাজ গঠনে মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করি”।
প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী আরও উল্লেখ করেন যে, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে কুয়েট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ দিকনির্দেশনায় দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা বিশ্বমানে উন্নীত হবে। কুয়েট পরিবার তাঁর উন্নয়ন রূপকল্প বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করতে প্রতিশ্রæতিবদ্ধ”।
বিবৃতিতে ভাইস-চ্যান্সেলর মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর মেয়াদে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান সরকারের বিশেষ পৃষ্ঠপোষকতায় কুয়েট শিক্ষা ও গবেষণায় আরও গতিশীল হবে এবং জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।
