প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম
চীনের প্রযুক্তি শক্তির নতুন প্রদর্শনী এবার মুগ্ধতার পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতার প্রশ্নও সামনে এনেছে। দেশটির সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান China Media Group Spring Festival Gala-তে মূল আকর্ষণ ছিল একদল হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে ‘ডান্সিং রোবট’। নিখুঁত তালে নাচ, শূন্যে ডিগবাজি, কুংফু ভঙ্গি, এমনকি সমন্বিত লাফ—সবকিছুই তারা করেছে অবিশ্বাস্য স্থিতিশীলতায়। সবচেয়ে আলোচিত বিষয়, পুরো পরিবেশনায় একটিও রোবট হোঁচট খায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian এক প্রতিবেদনে বলেছে, এই আয়োজন কেবল বিনোদন নয়; বরং প্রযুক্তি দৌড়ে চীনের অগ্রযাত্রার দৃশ্যমান বার্তা। বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা শিল্প কারখানার স্বয়ংক্রিয় যন্ত্রপাতি যতটা বোধগম্য নয়, মানুষের মতো দেখতে রোবট ততটাই সহজে প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক হয়ে ওঠে।
ওয়াশিংটনভিত্তিক Brookings Institution-এর প্রযুক্তি বিশ্লেষক কাইল চ্যান মনে করেন, চীন সরকার সচেতনভাবেই এই মঞ্চকে ব্যবহার করেছে প্রযুক্তিগত শক্তি প্রদর্শনের জন্য। তার ভাষায়, হিউম্যানয়েড রোবট উৎপাদন ও বড় পরিসরে বাস্তবায়নে চীন এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানতালে, কিছু ক্ষেত্রে এগিয়েও থাকতে পারে।
তবে সব বিশেষজ্ঞ সমানভাবে আশাবাদী নন। প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান Stelliar Technology and Marketing-এর রোবোটিক্স প্রধান গেয়র্গ স্টিলিয়ার সতর্ক করে বলেছেন, মঞ্চে নিখুঁত পারফরম্যান্স মানেই বাস্তব জটিল পরিবেশে দক্ষতা নয়। তার মতে, এসব রোবট নির্দিষ্ট রুটিন হাজারবার অনুশীলনের ফল দেখিয়েছে; অগোছালো বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে তাদের সক্ষমতা এখনও সীমিত।
চীনের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প Made in China 2025 ও 14th Five-Year Plan-এ রোবোটিক্স ও এআইকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান Morgan Stanley পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালে চীনে হিউম্যানয়েড রোবট বিক্রি দ্বিগুণ হয়ে প্রায় ২৮ হাজার ইউনিটে পৌঁছাতে পারে।
এদিকে Elon Musk ইতিমধ্যেই স্বীকার করেছেন, তার কোম্পানি Tesla-এর হিউম্যানয়েড রোবট Optimus-এর বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে চীনা নির্মাতারা। ফলে প্রশ্ন জোরালো হচ্ছে—রোবটের এই নিখুঁত নাচ কি কেবল বিনোদন, নাকি প্রযুক্তি নেতৃত্বের নতুন ঘোষণা?
