বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

চবি এ.এফ. রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম

ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ.এফ. রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

উদ্বোধনকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ই্য়াহ্ইয়া আখতার বলেন, সহ-শিক্ষা কার্যক্রমকে আমরা সব সময় উৎসাহিত করি। খেলাধুলা এর মধ্যে অন্যতম। অবশ্য আমাদের শিক্ষার্থীরা ক্রীড়াঙ্গনে এগিয়ে আছে। আশা করি, এ সফলতা অব্যহত থাকবে এবং সামনে আরও ভালো করবে। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া শিক্ষার্থীদের মাঝে নেটওয়ার্কিং বাড়ায়। খেলাধুলা করলে মন-মানসিকতা ভালো থাকবে। এখন হলে হলে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা এখন খেলাধুলা করছে এবং প্রচুর শিক্ষা-সহায়ক কার্যক্রম হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, এ.এফ. রহমান হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী একটি হল। ক্রীড়া প্রতিযোগিতায় এ হলের অনেক সুনাম রয়েছে, আশা করি শিক্ষার্থীরা সেই সুনাম ধরে রাখবে। খেলাধুলা, শরীরচর্চা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই শুধু আজকের দিনে নয়, সব সময় শরীরচর্চা, খেলাধুলায় শিক্ষার্থীরা নিজেদের নিয়োজিত রাখবে প্রত্যাশা করি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি এ.এফ. রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. হাবিবুর রহমান জালাল উপস্থিত ছিলেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্য (প্রশাসন) বিশ্ববিদ্যালয়ের পতাকা, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং এ.এফ. রহমান হলের প্রভোস্ট হল পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ ও হল সংসদের জিএস তামিম চৌধুরী। বিচারকদের পক্ষে হলের আবাসিক শিক্ষক জনাব মোহাম্মদ ফায়সাল এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ মো. ইয়েনকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। এ.এফ. রহমান হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ ফায়সালের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ মো. নাইমুর রহমান (রাফসান)। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ.এফ. রহমান হল সংসদের ভিপি কাজী শাহরিয়ার আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানজিম আশরাফ রাতুল। প্রথম ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে+ উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) ও অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক, এ.এফ. রহমান হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, এ.এফ রহমান হল সংসদের ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!