প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সরকারি সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর–এ নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত মোট ৬৮টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০ গ্রেডের মধ্যে ১৪টি ভিন্ন ক্যাটাগরির পদে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) পদে ১ জন এবং ফার্মাসিস্ট পদে ৫ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের জন্য প্রার্থীদের এসএসসি পাসের পাশাপাশি স্বীকৃত হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে প্রার্থীদের শারীরিক শিক্ষা বিষয়সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই তিনটি পদের বেতন স্কেল গ্রেড–১১ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে ল্যাব সহকারী পদে ৩ জন এবং ডায়েটিশিয়ান পদে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদের জন্য যথাক্রমে রসায়নবিজ্ঞান ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। এই পদগুলো গ্রেড–১৪ বেতন কাঠামোর আওতায় থাকবে।
এ ছাড়া ভোকেশনাল ইনস্ট্রাক্টর পদে ৬ জন, ইসিজি টেকনিশিয়ান পদে ৮ জন এবং লিনেনকিপার পদে ১ জন নিয়োগের সুযোগ রয়েছে। একই সঙ্গে টিকিট ক্লার্ক, রেন্ট কালেক্টর, সহকারী স্টুয়ার্ড, ওয়ার্ড মাস্টার ও রেকর্ডকিপারসহ আরও কয়েকটি পদেও নিয়োগ দেওয়া হবে। এসব পদের অধিকাংশের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটারে এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
এ ছাড়া ল্যাব অ্যাটেনডেন্ট পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই পদটি গ্রেড–২০ বেতন স্কেলে অন্তর্ভুক্ত।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের বয়স ১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে ফরম পূরণ করে।
আবেদন ফি পদভেদে আলাদা নির্ধারণ করা হয়েছে। প্রথম তিনটি পদের জন্য ১৫০ টাকা ফি এবং সার্ভিস চার্জসহ মোট ১৬৮ টাকা জমা দিতে হবে। ৪ থেকে ১৩ নম্বর পদের জন্য ১০০ টাকা ফি ও সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ল্যাব অ্যাটেনডেন্ট পদের জন্য ৫০ টাকা ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা দিতে হবে।
আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ১২ মার্চ ২০২৬ সকাল ১০টা থেকে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর–এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
