প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন অংশগ্রহণকারীরা।
সমাবেশে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট শক্তি অত্যাচার ও নিপীড়নের মাধ্যমে দেশকে বসবাসের অযোগ্য করে তুলেছিল। সেই বিভীষিকাময় পরিস্থিতি যেন আর ফিরে না আসে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।
গণতান্ত্রিক শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনব্যবস্থার মাধ্যমেই কেবল ক্ষমতার পরিবর্তন হতে হবে। স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে অগ্নিসংযোগ, সড়কে ককটেল বিস্ফোরণ, বাসাবাড়ি ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া এবং সংগ্রামী জনতার ওপর জুলুম-নির্যাতনের মতো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে দেশবাসীকে সব সময় সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলীম বলেন, পতিত সরকার ও পরাজিত শক্তির এজেন্টরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘আমরা যদি আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি, তাহলে কোনো দিনই এ দেশে আর পতিত ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।’
নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।
শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘সতেরোটি বছর ধরে শেখ হাসিনা ব্যাপক দমন-পীড়ন চালিয়েছেন। সে সময় কাউকে ঘরেও নিরাপদে অবস্থান করতে দেওয়া হয়নি; আমাদের নেতাকর্মীরা মসজিদ, মাদ্রাসা ও মাঠ-ময়দানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।’
বিগত সময়ের নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমাদের ওপর এত অত্যাচার চালানোর পরও এখন শোনা যাচ্ছে তিনি (শেখ হাসিনা) নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন এবং পুনরায় ফিরে আসার চেষ্টা করছেন। আমরা এটি কখনোই হতে দেব না। আমি বেঁচে থাকাকালীন তিনি আর বাংলাদেশের মুখ দেখতে পারবেন না। তার দেওয়া সব বক্তব্যই ভিত্তিহীন ও অসার।’
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
