শনিবার ১৪, নভেম্বর ২০২৬

শনিবার ১৪, নভেম্বর ২০২৬ -- : -- --

কুমিল্লায় কিশোরকণ্ঠের বৃত্তি পরীক্ষা দিল প্রায় ৭ হাজার শিক্ষার্থী

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

কুমিল্লায় কিশোরকণ্ঠের বৃত্তি পরীক্ষা দিল প্রায় ৭ হাজার শিক্ষার্থী

কুমিল্লা থেকে রাকিব হোসেন:

কুমিল্লা জেলা দক্ষিণে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বহুনির্বাচনি পদ্ধতিতে এ পরীক্ষা শুরু হয়। জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ৭ হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। উপজেলাগুলো হলো-চৌদ্দগ্রাম, লাকসাম, লাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ, বরুড়া ও মনোহরগঞ্জ।

পরীক্ষায় অংশ নেওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর বাবা রাজিব চন্দ্র দাশ বলেন, শিক্ষার্থীদের জন্য কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এ মেধাবৃত্তি আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। তিনি ছেলেকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে এসেছেন। ভবিষ্যতে এ আয়োজন আরও বড় পরিসরে করা হলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়বে এবং মেধার বিকাশ ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইমন হোসেন আরাফাত জানায়, গত বছর মাদ্রাসার হেফজ বিভাগে পড়ার কারণে সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। এবার পরীক্ষা দিতে পেরে তার ভালো লেগেছে। ভবিষ্যতেও এ ধরনের বৃত্তি পরীক্ষা আয়োজনের প্রত্যাশা জানায় সে।

আরেক শিক্ষার্থীর মা বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের মেধা ও প্রতিভা যাচাইয়ের একটি প্ল্যাটফর্ম। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের মেধার বিকাশ ঘটাতে পারে, সে জন্য কিশোরকণ্ঠ ফাউন্ডেশনকে এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুমিল্লা জেলা দক্ষিণের পরিচালক জাহিদুল ইসলাম চৌধুরী বলেন, জেলার সাতটি উপজেলার ১৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। বর্তমান প্রজন্ম শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে শিক্ষার্থীদের মেধাবী, যোগ্য ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, এ আয়োজনে মোট পাঁচ লাখ টাকার বৃত্তি দেওয়া হবে। সাতটি শ্রেণির প্রতিটিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত একজন করে শিক্ষার্থীকে একটি সাইকেল দেওয়া হবে। এ ছাড়া বর্ষসেরা শিক্ষার্থী হিসেবে একজন পাবে একটি ল্যাপটপ।

এ সময় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুমিল্লা জেলা দক্ষিণের সদস্য সচিব নুরুল ইসলাম মোল্লাসহ ফোরামের অন্যান্য নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।

Link copied!