হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম
শনিবার ১৪, নভেম্বর ২০২৬ -- : -- --
স্বেচ্ছায় রক্তদান ও মানবিক সেবার লক্ষ্য নিয়ে পথচলার ১৩ বছর পূর্ণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘দানেশ ব্লাড ব্যাংক’। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কর্মসূচির শুরুতে কেক কাটা হয়। পরে আয়োজন করা হয় আলোচনা সভার।
আলোচনা সভায় সংগঠনটির বিগত ১৩ বছরের মানবিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দানেশ ব্লাড ব্যাংক দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মুমূর্ষু রোগীদের জরুরি রক্তের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছে সংগঠনটি।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জান্নাতুল ফেরদৌস হৃদয় বলেন, ‘দানেশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি দিন। দীর্ঘ ১৩ বছর ধরে আমরা মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের এই পথচলায় যাঁরা সহযোগিতা করেছেন, রক্ত দিয়েছেন এবং পাশে থেকেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যাঁদের হাত ধরে দানেশ ব্লাড ব্যাংকের পথচলা শুরু, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা। আমাদের প্রত্যাশা, রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন ঝরে না যায়। তাই সমাজের সুস্থ ও সক্ষম সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাকিব হোসেন বলেন, ‘দানেশ ব্লাড ব্যাংকের ১৩ বছরের পথচলা শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, এটি মানবতার সেবায় একদল স্বেচ্ছাসেবীর নিরলস প্রচেষ্টার প্রতিফলন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আমরা আনন্দ ও ভ্রাতৃত্ব ভাগাভাগি করেছি। ভবিষ্যতেও রক্তদানের পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই। আমাদের সবার মনে রাখা উচিত, এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই আসুন, রক্তদানে ভয় নয়, সচেতনতা তৈরি করি এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করি।’
অনুষ্ঠানে ‘রক্ত দিন, জীবন বাঁচান-মানবতার সেবায় এগিয়ে আসুন’ স্লোগানে স্বেচ্ছায় রক্তদানে সবাইকে উৎসাহিত করা হয়।
এ সময় দানেশ ব্লাড ব্যাংকের সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।