প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
পরিবেশগত টেকসইতা, জ্বালানি সাশ্রয়, পানির দায়িত্বশীল ব্যবহার ও টেকসই উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বিশ্ব টেকসই দিবস ২০২৬ পালিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে টেকসইতা-সংক্রান্ত সমসাময়িক চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আইইউবিএটির প্রতিষ্ঠাতা ও সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. আলিমউল্লাহ মিয়ান এবং উপ-উপাচার্য প্রফেসর মাহমুদা খানমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আতাউর রহমান। তিনি অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসইতা বিষয়ে সচেতনতা, পরিবেশের প্রতি দায়িত্ববোধ এবং সম্মিলিত উদ্যোগ জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব। তিনি জ্বালানি সাশ্রয় ও পানির দায়িত্বশীল ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং দৈনন্দিন জীবন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে টেকসই চর্চা গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
একাডেমিক পর্বে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. শফিকুল ইসলাম, ড. এম. রেহান দস্তগীর, ড. ফেরদৌস আহমেদ ও ড. মরিয়ম সুলতানা মেরী পর্যায়ক্রমে উপস্থাপনা দেন। তাঁরা টেকসইতার বিভিন্ন দিক এবং সমসাময়িক পরিবেশগত উদ্বেগ নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি আলমগীর হোসেন টেকসইতার গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সচেতনতা, দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (ডিএমইআরটি) প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ (এসডিজি ৪), অর্থাৎ মানসম্মত শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং জ্ঞান ও দক্ষতা বিকাশে ভূমিকা রাখে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারে এবং টেকসই উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারে।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. নুপুর মমতাজ। আয়োজনে অংশগ্রহণ ও অবদানের জন্য বিশিষ্ট অতিথি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, আয়োজক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বিশ্ব টেকসই দিবস পালনের মধ্য দিয়ে পরিবেশ শিক্ষা, প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ব্যবস্থাপনা এবং টেকসইতাভিত্তিক একাডেমিক উদ্যোগের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইইউবিএটি। শিক্ষা ও দৈনন্দিন জীবনে টেকসই চর্চা যুক্ত করে পরিবেশ-সচেতন, সহনশীল ও টেকসই সমাজ গড়ে তোলার গুরুত্বও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
