শনিবার ১৪, নভেম্বর ২০২৬

শনিবার ১৪, নভেম্বর ২০২৬ -- : -- --

ব্লাড ক্যানসারের কাছে হার মানলেন জিলান

তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

সাব্বির হাসনাত জিলান

ব্লাড ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে মারা গেছেন সাব্বির হাসনাত জিলান। শুক্রবার (১৩ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন।

জিলানের চিকিৎসার খরচ জোগাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৫০ টাকার বিনিময়ে স্কেচ এঁকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেন তাঁর বন্ধু দিগন্ত। এ নিয়ে এনটিভিতে সংবাদ প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। জিলানের চিকিৎসায় সহায়তায় এগিয়ে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা আর্থিক ও মানসিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে জিলানের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বড় ভাই। পোস্টে তিনি লেখেন, ছোট্ট জীবনে জিলান অসংখ্য মানুষের সঙ্গে মিশেছে। সবার সঙ্গে হাসিমুখে কথা বলত এবং সহজেই সবাইকে আপন করে নিত। তার হাসিমাখা মুখ ও সুন্দর স্মৃতিগুলো স্বজনদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে।

পোস্টে তিনি আরও লেখেন, জীবনের পথচলায় জিলানের কথা বা আচরণে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তাঁকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে জিলানের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

জিলানের চিকিৎসায় আর্থিক ও মানসিক সহযোগিতা করা, তাঁর পাশে থাকা এবং শেষ পর্যন্ত খোঁজখবর রাখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর বড় ভাই। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের জন্যও সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

জিলানের মৃত্যুতে তার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!