রবিবার ১৫, নভেম্বর ২০২৬

রবিবার ১৫, নভেম্বর ২০২৬ -- : -- --

সম্প্রীতি ও ঐক্যের আহ্বানে ঢাবির জগন্নাথ হল অ্যালামনাই সম্মেলন

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) হলের কিশোরী লাল রায় চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জন গোমেজ, হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। এ ছাড়া জগন্নাথ হল সংসদ ও হল ছাত্রদলের নেতারাও বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁদের সক্রিয় সহযোগিতাও কামনা করেন তিনি।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের সঙ্গে জগন্নাথ হল গভীরভাবে সম্পৃক্ত। এ হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সম্প্রীতির সঙ্গে বসবাস করেন। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিভেদের রাজনীতির অবসান ঘটিয়ে সম্প্রীতির রাজনীতির ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ভিন্ন হলেও সবাই বাংলাদেশের নাগরিক। দেশের উন্নয়ন, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি কোনো ধরনের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। সঠিক তথ্য তুলে ধরা এবং ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য সমাজের বুদ্ধিজীবী, সাংবাদিক ও চিন্তাবিদদের প্রতিও আহ্বান জানান তিনি।

Link copied!