সোমবার ০২, নভেম্বর ২০২৬

সোমবার ০২, নভেম্বর ২০২৬ -- : -- --

চবি শিক্ষার্থী ধ্রুব বড়ুয়া ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় কমিটিতে 

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

ধ্রুব বড়ুয়া

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় কমিটিতে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ধ্রুব বড়ুয়া। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের অধিকার,নারী নিপীড়নবিরোধী আন্দোলন, নিরাপদ ক্যাম্পাস, শ্রমিকের ন্যায্য মজুরি এবং সংখ্যালঘুদের অধিকার আদায়ের দাবিতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে পরিচিতি পেয়েছেন তিনি।

গত ২৯ অক্টোবর ২০২৬ দিনব্যাপী অনুষ্ঠিত সংগঠনটির প্রথম জাতীয় সম্মেলনে দ্বিতীয় কেন্দ্রীয় কাউন্সিলে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও পরিচিতি সম্পন্ন হয়। ‘শিক্ষার পণ্যায়ন নয়, পুঁজির দাসত্ব নয়, চাই আপসহীন শ্রেণিসংগ্রাম’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে বিদায়ী সভাপতি ছায়েদুল হক নিশান নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। একটি সদস্যপদ পরবর্তী সময়ে কো-অপ্ট করার জন্য শূন্য রেখে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচিত হয়।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ফাহিম আহমদ চৌধুরী, সহ-সভাপতি তানজিনা বেগম, সাধারণ সম্পাদক সুজয় শুভ, সাংগঠনিক সম্পাদক স্কাইয়া ইসলাম, অর্থ সম্পাদক রাকিব মাহমুদ, দপ্তর সম্পাদক ধ্রুব বড়ুয়া, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক তাহমিদ হোসেন, স্কুলবিষয়ক সম্পাদক আয়েশা আক্তার এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক ভূমিকা সরকার। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন শ্রীকান্ত বিশ্বাস, বিপুল কর্মকার ও শোয়েবুর রেজা চৌধুরী।

বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত ধ্রুব বড়ুয়া। ২০১৯ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার ও বিভিন্ন দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানেও সক্রিয় ভূমিকা পালন করেন। ওই আন্দোলনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়েও বিভিন্ন সামাজিক ও গণতান্ত্রিক ইস্যুতে তাঁর সক্রিয়তা অব্যাহত রয়েছে। নারী নিপীড়ন, নারীদের উদ্দেশে অনলাইনে স্লাট-শেমিং ও হয়রানির প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়ার পাশাপাশি চা-শ্রমিকদের ন্যায্য মজুরি এবং কলকারখানার শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে রাজপথের কর্মসূচিতেও যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতেও প্রতিবাদ ও আন্দোলনে অংশ নিয়েছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে নয় শিক্ষার্থীর অনশন কর্মসূচিতেও অংশ নেন তিনি। প্রায় ৫২ ঘণ্টার ওই অনশন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অনিয়ম, শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন কর্মসূচিতেও তাঁকে সক্রিয় দেখা গেছে।

এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-২০২৫ নির্বাচনে তিনি বামপন্থীদের প্রগতিশীল মোর্চা ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর দায়িত্ব পাওয়াকে সংগঠনটির বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন কমিটির মাধ্যমে শিক্ষার বাণিজ্যিকীকরণবিরোধী অবস্থান, শিক্ষার্থীদের অধিকার এবং শ্রমজীবী মানুষের ন্যায্য দাবির পক্ষে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

Link copied!