ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম
শনিবার ৩১, অক্টোবর ২০২৬ -- : -- --
সংগৃহীত
সিলেটের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ঈর্ষণীয় ফলাফল অর্জিত হয়েছে। কলেজটিতে পাসের হার দাঁড়িয়েছে ৯৯.০১ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন শিক্ষার্থী।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ বছর কলেজ থেকে মোট ৩০৭ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩০১ জন এবং অকৃতকার্য হয়েছে মাত্র ৬ জন। পাসের হার ৯৯.০১ শতাংশ।
কলেজ সূত্রে জানা যায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৮৮ জনই জিপিএ-৫ অর্জন করেছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন সাফল্য কলেজের সামগ্রিক ফলাফলে ইতিবাচক মাত্রা যোগ করেছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ ক্যাম্পাস রিপোর্ট কে জানান, দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় আমাদের কলেজের রেজাল্ট তুলনামূলক ভালো, যে কয়জন অকৃতকার্য দেখাচ্ছে তারা অসুস্থ ছিল এবং কয়েকজন অংশগ্রহণ করতে পারেনি।
এ ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষের আবহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রতিফলন এই সাফল্য।
ঐতিহ্য ও গৌরবের ধারাবাহিকতায় এমসি কলেজের এ ফলাফল সিলেটের শিক্ষাঙ্গনে নতুন করে আশার সঞ্চার করেছে।