প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। এ বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৪ জনে। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ২৯ হাজার ১৩ জন।
আজ শনিবার বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পরপরই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়।
২৯ অক্টোবর প্রকাশের কথা থাকলেও ফল প্রকাশ আজ
পূর্বঘোষণা অনুযায়ী, গত ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে আজ শনিবার নির্ধারণ করা হয়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ডের প্রকাশিত ফলাফল অনলাইন থেকে সংগ্রহ করে প্রকাশ করতে হবে। এ জন্য প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর বা ইআইআইএন ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে।
যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানা যাবে।
অনলাইনে ফলাফল দেখতে ব্যবহার করা যাবে—
-
শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইট: educationboardresults.gov.bd
-
প্রতিষ্ঠানগুলোর ফলাফল সংগ্রহের ওয়েবসাইট: eduboardresults.gov.bd
মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও ফলাফল জানা যাবে। এ জন্য যেকোনো মুঠোফোন নম্বর থেকে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এখানে 123456-এর জায়গায় পরীক্ষার্থীর নিজস্ব রোল নম্বর বসাতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল সংগ্রহের সুযোগ নেই।
পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
২ জুলাই শুরু হয়েছিল পরীক্ষা
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী মিলিয়ে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখের বেশি। তবে তাঁদের মধ্যে বেশ কয়েকজন পরীক্ষায় অংশ নেননি।
