শনিবার ৩১, অক্টোবর ২০২৬

শনিবার ৩১, অক্টোবর ২০২৬ -- : -- --

শাবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭’-এর প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সিলেট অঞ্চলের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির উদ্যোগে এবং শাবিপ্রবির রসায়ন বিভাগের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রসায়ন কেবল একটি মৌলিক বিজ্ঞান নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবন ও মহাবিশ্বের প্রতিটি উপাদানের মূল ভিত্তি। তরুণেরা যত বেশি বিজ্ঞানের গভীরে প্রবেশ করবে, তত বেশি তারা সমস্যা সমাধানের নতুন নতুন পথ উন্মোচন করতে পারবে। বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের মতো আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তিকে শাণিত করবে এবং ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণায় আত্মনিয়োগ করতে উৎসাহিত করবে। এ ধরনের গঠনমূলক প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ সময় প্রতিযোগী ও আয়োজকদের শুভেচ্ছা জানান উপাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। আয়োজনের আহ্বায়কের দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে রসায়ন চর্চা বৃদ্ধি, বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডের জন্য দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের বাছাইয়ের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশব্যাপী বিভিন্ন কেন্দ্রে প্রাথমিক পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!