প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম
নেপালে অনুষ্ঠিত প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষার্থী এবং এক সাবেক শিক্ষার্থী। তাঁদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক এবং তায়কোয়ানডো কোচ কামরুজ্জামান চঞ্চল।
৩০ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে কিয়োরুগি (ফাইট) ও ব্যক্তিগত পুমসে (কৌশল প্রদর্শনী) বিভাগে লড়বেন তাঁরা।
নেপালের চিতওয়ান জেলার সাওরাহায় ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে যাত্রা করেন রাবির খেলোয়াড়েরা।
প্রতিযোগিতায় রাবির হয়ে অংশ নিচ্ছেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. শাহীন আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাবাহ কানেতা তারিক ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামরুজ্জামান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মরিয়ম। তাঁদের মধ্যে সাবাহ কানেতা তারিক ব্যক্তিগত পুমসে, মো. শাহীন আলী পুমসে ও কিয়োরুগি এবং কামরুজ্জামান এবং মরিয়ম কিয়োরুগি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মো. শাহীন আলী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক অর্জনের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায়ও স্বর্ণপদক জিতেছেন। এ ছাড়া আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জনের পাশাপাশি টানা দ্বিতীয়বার গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। তিনি রাবি তায়কোয়ানডো ক্লাবের সভাপতি।
সাবাহ কানেতা তারিক প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় রৌপ্যপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও তাম্রপদক অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি রাবি তায়কোয়ানডো ক্লাবের সহ-সভাপতি।
মরিয়ম জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ ও রৌপ্যপদক এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। এ ছাড়া ২০২৪ ও ২০২৫ সালের আন্তঃবিভাগীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন তিনি। বর্তমানে তিনি ক্লাবটির ক্রীড়া সম্পাদক।
অন্যদিকে, কামরুজ্জামান প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় তাম্রপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় রৌপ্য ও তাম্রপদক অর্জন করেছেন তিনি। কামরুজ্জামান রাবি তায়কোয়ানডো ক্লাবের প্রচার সম্পাদক।
দলের কোচ কামরুজ্জামান চঞ্চল রাবি তায়কোয়ানডো ক্লাবের তায়কোয়ানডো বিশেষজ্ঞ উপদেষ্টা। তিনি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান স্বীকৃত পঞ্চম ডান ব্ল্যাক বেল্ট এবং জিদোকওয়ান স্বীকৃত ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্ট রয়েছে।
এছাড়াও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী রিদওয়ান তাসকিন রাতুল। এর আগে ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ানডো ফেস্টিভ্যালে রৌপ্যপদক অর্জন করেন তিনি। বর্তমানে তিনি রাজশাহীর এআরসি গ্লোবাল তায়কোয়ানডো অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক। তাঁর দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান ও জিদোকওয়ান স্বীকৃত দ্বিতীয় ডান ব্ল্যাক বেল্ট রয়েছে।
