ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম
শনিবার ৩১, অক্টোবর ২০২৬ -- : -- --
ছবি : সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি সেলের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। শনিবার (৩১) অক্টোবর দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল কক্ষে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান, সদ্য বিদায়ী পরিচালক ড. মোঃ শাহজাহান আলী, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহা: শরিফুল ইসলামসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সদ্য বিদায়ী পরিচালক ড. মো: শাহজাহান আলী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইসিটি সেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শুরু থেকেই রেজাল্ট ডিজিটালাইজেশন ও ম্যানেজ করার কঠিন দায়িত্ব এই সেলকে পালন করতে হয়। তবে এর জন্য যে পরিকাঠামো ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল, তা রেজাল্ট প্রসেসিংয়ের জন্য যথেষ্ট অপ্রতুল ও কষ্টদায়ক ছিল। প্রতিকূলতা ও আর্থিক সংকট সত্ত্বেও হলগুলোতে হাই-স্পিড ওয়্যারলেস নেটওয়ার্ক চালুর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টারনেট ভোগান্তি কিছুটা লাঘব হয়েছে। নানা প্রতিকূলতা, প্রশাসনিক চাপ ও সীমাবদ্ধতার মধ্যেও যারা সার্বিক সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানান তিনি।
নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, সীমিত জনবল ও সম্পদের মধ্যেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মানসম্মত সেবা নিশ্চিত করাই আইসিটি সেলের প্রধান চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি। শিক্ষার্থীদের ভর্তি থেকে শুরু করে পুরো শিক্ষাজীবন এবং শিক্ষকদের বেতন, ছুটি ও পদোন্নতিসহ সব সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসাই আমার মূল লক্ষ্য।