প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ এএম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্যের সঙ্গে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন এবং রেজিস্ট্রার মোঃ সারওয়ার জাহান।
সাক্ষাৎকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন বিষয় রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের কাছে তুলে ধরেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সীমাবদ্ধতা, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় জনবলের সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা জানান। এসব সমস্যা সমাধানে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপাচার্য জাবিপ্রবির শিক্ষা ও গবেষণার পরিবেশের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রপতির সদয় সহযোগিতা ও দিকনির্দেশনা প্রার্থনা করেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর উপাচার্যের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, বিশেষ করে ডিপিপির বাস্তবায়ন ও অগ্রগতির ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎ শেষে জাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে এই সাক্ষাৎটি কেবল একটি প্রাতিষ্ঠানিক পর্ব ছিল না, এটি ছিল এক পরম অভিভাবকসুলভ স্নেহ ও আন্তরিকতার অভিজ্ঞতা। সাক্ষাৎকালে আমরা বিশ্ববিদ্যালয়ের পটভূমি, বর্তমান সমস্যা, ডিপিপি (Development Project Proposal) এবং অবকাঠামো উন্নয়নের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি। রাষ্ট্রপতি মহোদয় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের কথা শুনেছেন এবং এসব বিষয় দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে, মহামান্য রাষ্ট্রপতির এই সক্রিয় সহায়তা ও পৃষ্ঠপোষকতায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম আরও গতিশীল ও সফল হবে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা জাবিপ্রবির প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক অবদান রাখবে।
মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশ, জাবিপ্রবি প্রতিনিধি
