বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ -- : -- --

পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাকা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম

ফাইল ফটো

পারিবারিক ব্যবসা বিষয়ক গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জার্মানির অলাভজনক প্রতিষ্ঠান ওয়াইফু ফাউন্ডেশন প্রকাশিত প্রথম ‘ফ্যামিলি বিজনেস রিসার্চ ইনডেক্স ২০২৬’-এ বিশ্বের ২ হাজার ৩৪৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৪তম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি প্রকাশিত এ সূচকে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে ওপেনঅ্যালেক্সে অন্তর্ভুক্ত গবেষণা প্রকাশনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে গবেষণাকর্মের পাশাপাশি সংশ্লিষ্ট সাময়িকীর অবস্থানও বিবেচনায় নেওয়া হয়েছে।

ওপেনঅ্যালেক্স বিশ্বব্যাপী গবেষণা প্রকাশনা ও সংশ্লিষ্ট তথ্যের একটি উন্মুক্ত ও বিনামূল্যের তথ্যভান্ডার। ওয়াইফু ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, র‍্যাঙ্কিংবিহীন সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রের জন্য শূন্য স্কোর নির্ধারণ করা হয়েছে।

২০০৯ সালে প্রতিষ্ঠিত ওয়াইফু ফাউন্ডেশনের সদর দপ্তর জার্মানির উইটেন শহরে। প্রতিষ্ঠানটি পারিবারিক ব্যবসা, উদ্যোক্তা পরিবার এবং পারিবারিক ব্যবসার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে গবেষণা, শিক্ষা ও জ্ঞান বিনিময়ে কাজ করে।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া আনন্দ ও গর্বের বিষয়। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণায় আরও উৎসাহ জোগাবে।

তিনি আরও বলেন, গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক মানের গবেষণা প্রবন্ধ প্রকাশ এবং নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে গবেষকদের জন্য অনুকূল পরিবেশ তৈরি ও গবেষণার পরিধি সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

Link copied!