প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:২০ এএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (২১ অক্টোবর)। ১৯৯২ সালের ২০ অক্টোবর মহান জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাস এবং পরদিন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশের সাধারণ মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান চাপ কমানো এবং জেলা-উপজেলা পর্যায়ে কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিপুলসংখ্যক শিক্ষার্থী, বিশেষত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজার ৩১৮টি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এসব প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন এক লাখেরও বেশি। দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ এ বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয়। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী এক কোটিরও বেশি মানুষ দেশে-বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, শিল্প, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলানো এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাক্রম আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের আওতা বৃদ্ধি, সেশনজট নিরসন ও গবেষণার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
