বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ -- : -- --

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী: ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ এএম

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে স্নাইপার নিয়ে আপত্তিকর মন্তব্য করা এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীর উদ্দেশে রওনা হন তিনি। পথে সড়কের দুই পাশে সমবেত মানুষের শুভেচ্ছার জবাবে চলন্ত বাস থেকে হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বাসে যাতায়াতের ছবি ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে এমডি আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি পুলিশের নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির নেতারা মন্তব্যটির নিন্দা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা প্রয়োজন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

মহানগর বিএনপির সহসভাপতি আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এমন মন্তব্য দেখে তাঁরা উদ্বিগ্ন হয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি মন্তব্যটির উদ্দেশ্য খতিয়ে দেখার আহ্বান জানান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে করা মন্তব্যটি উদ্বেগজনক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Link copied!