বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ -- : -- --

জানুয়ারিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্মার্ট কৃষির আন্তর্জাতিক সম্মেলন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উমাইয়া আহমেদ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১১:২৪ এএম

সংগৃহীত

টেকসই কৃষি উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)। ‘আজকের স্মার্ট কৃষি, আগামীর টেকসই ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২০ ও ২১ জানুয়ারি ২০২৭ দুই দিনব্যাপী ‘টেকসই উন্নয়নের জন্য স্মার্ট কৃষিবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের সিএসএস আভা সেন্টারে সরাসরি ও ভার্চুয়াল—উভয় পদ্ধতিতে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং স্মার্ট গ্রাম ও স্মার্ট নগর অধ্যয়নকেন্দ্র যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।

আয়োজক সূত্রে জানা গেছে, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, আবাদি জমি হ্রাস এবং কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধির মতো সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। পাশাপাশি কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেটভিত্তিক সংযুক্ত প্রযুক্তি, বৃহৎ ভাষা মডেল, নির্ভুল কৃষি ব্যবস্থাপনা ও জলবায়ু-সহনশীল কৃষিপদ্ধতির ব্যবহার এবং সম্ভাবনা তুলে ধরা হবে।

সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞানী ও সফল কৃষি উদ্যোক্তারা অংশ নেবেন। তাঁরা আধুনিক কৃষিপ্রযুক্তি, টেকসই উৎপাদনব্যবস্থা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে নিজেদের গবেষণা ও অভিজ্ঞতা উপস্থাপন করবেন।

আয়োজকদের মতে, সম্মেলনের অন্যতম লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের জ্ঞান এবং মাঠপর্যায়ের কৃষির মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তোলা। এর মাধ্যমে আধুনিক কৃষিপ্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়া, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিকে আরও টেকসই করার নতুন সম্ভাবনা তৈরি হবে।এ ছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি অতিথিদের জন্য ২২ থেকে ২৪ জানুয়ারি তিন দিনব্যাপী সুন্দরবন ভ্রমণ ও ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের স্মার্ট কৃষি উদ্ভাবন ও গবেষণার সাফল্য বিশ্বপরিসরে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, কৃষির আধুনিকায়ন এবং ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!