বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ -- : -- --

এসএসসি টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশের শেষ সময় ১৫ নভেম্বর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম

সংগৃহীত

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশনা রয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, অকৃতকার্য ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ছাড়া সব শিক্ষার্থীর টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টেস্ট পরীক্ষার ফল প্রকাশের শেষ তারিখ ১৫ নভেম্বর।

পরীক্ষার সিলেবাস
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে। অন্যদিকে, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে।

ধারাবাহিক মূল্যায়নের নম্বর জমা
সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করবে।

সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে। এ ছাড়া ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের নম্বরসংবলিত হাতে লেখা মূল নম্বরপত্র মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে।

নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ
জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং ইতোমধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের ছাড়া অন্য সব শিক্ষার্থীর নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

Link copied!