প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিতর্ক সংগঠন ‘শেকৃবি ডিবেটিং সোসাইটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হালিমাতুস সামিয়া এবং সাধারণ সম্পাদক পদে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিলুল্লাহ নির্বাচিত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) শেকৃবি ডিবেটিং সোসাইটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক বৈধ প্রার্থী থাকায় নির্বাচন কমিশন তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন। কমিশনের অন্য সদস্যরা হলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ, সহযোগী অধ্যাপক ড. মো. আরিফ হোসাইন এবং সদ্য সাবেক সভাপতি ওয়াসিউল হাসান সরকার।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি সালেহ আহম্মেদ মাহাতাব রিফাত ও জুবায়েদুল হক মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিকুননাহার সাবিক, সাংগঠনিক সম্পাদক রাফিউর রহমান রুহান, অর্থ সম্পাদক রায়হানুল হক, কর্মশালাবিষয়ক সম্পাদক ছাব্বির আমজাত, শিক্ষা ও দপ্তর সম্পাদক তাসনিম নুহা, প্রচার সম্পাদক সাজিদ আকবর সাকিব, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হাসনাত আব্দুল্লাহ এবং সাংস্কৃতিক সম্পাদক মৃন্ময়ী মুগ্ধ। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক, মো. রিফাত ও সাকিব তালুকদার।
সংগঠনের মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন বলেন, "নতুন কমিটির সবাই মিলে ডিবেটিং সোসাইটিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করি। এই নেতৃত্বের হাত ধরে আমাদের বিতার্কিকেরা দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেবে।"
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নবনির্বাচিত সভাপতি হালিমাতুস সামিয়া বলেন, "বিতার্কিকদের তথ্য, তত্ত্ব ও যুক্তির চর্চাকে আরও সুদৃঢ় করাই হবে আমার প্রধান লক্ষ্য। নিজস্ব ক্যাম্পাস ছাড়িয়ে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধিতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।"
নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শেকৃবি ডিবেটিং সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবদুল লতিফ।
