শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাহির মুসান্না
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
মঙ্গলবার ১৩, অক্টোবর ২০২৬ -- : -- --
সংগৃহীত
বিদেশে উচ্চশিক্ষার বৃত্তি খোঁজা, আবেদন প্রস্তুত করা এবং প্রয়োজনীয় নথি গুছিয়ে রাখার কাজ সহজ করতে ScholarBhai.com নামে এআইনির্ভর একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান।
রাহাত জামান বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্ল্যাটফর্মটি তৈরিতে তাঁর সঙ্গে কাজ করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী তানভীর রহমান ও ছাত্রদলকর্মী ফরিদুল রেজা সাগর।
উদ্যোক্তরা জানান, শিক্ষার্থীরা ওয়েবসাইটে জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করে নিজেদের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী বৃত্তির খোঁজ করতে পারবেন। সিভি থেকে তথ্য বিশ্লেষণ করে তৈরি হবে ব্যক্তিগত প্রোফাইল। জিপিএ বা সিজিপিএ, আইইএলটিএস স্কোর, পড়াশোনায় বিরতি এবং ব্যাংক ব্যালেন্সের মতো বিষয় বিবেচনায় নিয়ে বিভিন্ন বৃত্তির সঙ্গে শিক্ষার্থীর যোগ্যতার সামঞ্জস্য দেখাবে প্ল্যাটফর্মটি। ‘ফিট স্কোর’ নামে এই মূল্যায়নের পাশাপাশি প্রোফাইলের ঘাটতি পূরণের পরামর্শও পাওয়া যাবে।
আবেদনের নথি প্রস্তুতেও রয়েছে বিভিন্ন সুবিধা। প্রতিটি বৃত্তি বা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা নথি ব্যবস্থাপনার ব্যবস্থা থাকায় নির্দিষ্ট আবেদনের সঙ্গে মিলিয়ে সিভি হালনাগাদে এআইয়ের সহায়তা নেওয়া যাবে। উদ্দেশ্য বিবৃতি (এসওপি) ও কভার লেটার পর্যালোচনার জন্য রয়েছে ‘ডকুমেন্ট রেডিনেস স্কোর’; এর মাধ্যমে লেখার নিজস্বতা বজায় রেখে সংশোধন ও উন্নয়নের পরামর্শ পাওয়া যাবে।
বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের প্রস্তুতিতে সহায়তা করবে ‘এআই প্রফেসর আউটরিচ’ সুবিধা। অধ্যাপকের নাম ও বিশ্ববিদ্যালয়ের তথ্য দিলে তাঁর সাম্প্রতিক গবেষণা সম্পর্কে তথ্য সংগ্রহ করে পেশাদার ইমেইলের খসড়া তৈরি করা যাবে। এ ছাড়া প্রতিটি বৃত্তির জন্য আলাদা নির্দেশিকা ও চেকলিস্ট থাকায় আবেদনের ধাপ এবং প্রয়োজনীয় নথি অনুসরণ করাও সহজ হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
প্ল্যাটফর্মটিতে রয়েছে কমিউনিটি ফোরাম, যেখানে যাচাইকৃত বিশেষজ্ঞ ও বিদেশে উচ্চশিক্ষা নেওয়া সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে পরামর্শ পাওয়ার সুযোগ থাকবে। শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে বিনা মূল্যে সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন রাহাত। তাঁর ভাষ্য, শাবিপ্রবি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং উচ্চশিক্ষা নেওয়া জ্যেষ্ঠরা এসব সেমিনারে বিদেশে পড়াশোনা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
রাহাত জামান জানান, চীন সফর শেষে দেশে ফিরে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করেন তিনি। এরপর গত তিন মাস ধরে ওয়েবসাইটটি তৈরির কাজ চলে। শাবিপ্রবি থেকে তৈরি এই উদ্যোগ দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ খুঁজতে সহায়তা করবে বলে তাঁর প্রত্যাশা। তিনি আরও জানান, ওয়েবসাইটে লগইন করে সেবাগুলো বিনা মূল্যে নেওয়া যাবে; তবে একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একবারই লগইন করা যাবে।
উদ্যোক্তা দলের সদস্য ফরিদুল রেজা সাগর বলেন, বিদেশে উচ্চশিক্ষার বৃত্তি খোঁজা, আবেদনপ্রক্রিয়ার নির্দেশনা পাওয়া এবং প্রয়োজনীয় নথি ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা নানা জটিলতার মুখে পড়েন। বিশেষ করে একাধিক বৃত্তিতে আবেদনের সময়সীমা মনে রাখা এবং বিভিন্ন এআই সেবা ব্যবহারের জন্য বারবার ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়টি সময়সাপেক্ষ। এসব জটিলতা কমিয়ে সহজে ব্যবহারযোগ্য একটি ব্যবস্থা গড়াই তাঁদের লক্ষ্য।