সোমবার ১২, অক্টোবর ২০২৬

সোমবার ১২, অক্টোবর ২০২৬ -- : -- --

প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে: গোবিপ্রবি উপাচার্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

সংগৃহীত

বর্তমান বাজার ব্যবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে, ব্যক্তিস্বার্থের জন্য, ব্যবসায়িক লাভের জন্য আমরা একজন আরেকজনকে বিষ খাওয়াচ্ছি। কেননা বাজার থেকে আমরা যা কিছু খাই, বেশিরভাগই বিষযুক্ত।নানাধরনের কীটনাশক, হরমোন প্রয়োগের মাধ্যমে উৎপাদিত। জটিল এই পরিস্থিতি থেকে যারা নানামুখী উৎপাদনের সঙ্গে জড়িত, এই প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে।

আজ রবিবার বিকেল চারটায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) গোপালগঞ্জ আয়োজিত শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

তিনি আরো বলেন, সবাই সবাইকে যখন ঠকানোয় ব্যস্ত, সেই জায়গায় সততার দৃষ্টান্ত স্থাপন করতে পারে প্রথম পর্যায়ের উৎপাদনকারীরা। যারা অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ, পশুপালনের মাধ্যমে আমাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারে। কেননা খাদ্য গ্রহণের মাধ্যমে মানবদেহে জটিল সব রোগের দেখা দিচ্ছে। যার চিকিৎসা সহজলভ্য হচ্ছে না।

অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘বিসিকে যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন, তারা কখনোই ভাববেন না, ক্ষুদ্র মানেই অমর্যাদার। বরং আপনাদের অবদান হতে পারে অনস্বীকার্য।‘

বিসিকের জরিপ ও তথ্য কর্মকর্তা অর্ক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিসিকের সহকারী মহাব্যবস্থাপক এ.কে.এম কামরুজ্জামান, প্রমোশন কর্মকর্তা সুজাল আহমেদ।

২০২৬-২৭ অর্থবছরে প্রথম ব্যাচের ২৬ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী শুরু হওয়া এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

Link copied!