সোমবার ১২, অক্টোবর ২০২৬

সোমবার ১২, অক্টোবর ২০২৬ -- : -- --

শিক্ষক হেনস্তার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ক্লাসে সামিনা লুৎফা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম

সংগৃহীত

শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্বের চেষ্টার প্রতিবাদ এবং মতপ্রকাশের কারণে হেনস্তার শিকার সহকর্মীদের প্রতি সংহতি জানিয়ে ক্লাসে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।

রোববার (১১ অক্টোবর) শ্রেণিকক্ষে এ প্রতিবাদ জানান তিনি। পরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রতিবাদের বিষয়টি তুলে ধরেন এই শিক্ষক।

ফেসবুক পোস্টে সামিনা লুৎফা লেখেন, ‘ক্লাসরুমে শিক্ষকের স্বাধীনতা নস্যাতের পরিকল্পিত চক্রান্ত শিক্ষার্থী-শিক্ষকের সম্পর্কের আস্থা নষ্ট করছে।’ কথা বলা কিংবা ভিন্নমত প্রকাশের কারণে যেসব শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন, তাঁদের প্রতি সংহতি জানাতেই তিনি ব্যক্তিগতভাবে এই প্রতিবাদ করেছেন বলে উল্লেখ করেন।

প্রতিবাদের আগে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসের আচরণবিধি বা ‘কোড অব কন্ডাক্ট’ নির্ধারণের বিষয়েও আলোচনা করেন তিনি। অনুমতি ছাড়া কী করা যাবে, কী করা যাবে না এবং মতপার্থক্য কীভাবে সমাধান করা হবে, সেসব বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরবে বসে থাকেন তিনি।

পোস্টের শেষাংশে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়ে সামিনা লুৎফা লেখেন, ‘সংহতি জানাতে চাইলে রিক্লেইম করুন ক্লাসরুম!’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি ক্লাসে নেকাব পরা এক ছাত্রীর সঙ্গে বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের আলোচনা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ৮ অক্টোবর জরুরি সভা ডেকে ওই শিক্ষককে সব ধরনের পাঠদান কার্যক্রম থেকে অব্যাহতি দেয় ইংরেজি বিভাগ।

Link copied!