শনিবার ১০, অক্টোবর ২০২৬

শনিবার ১০, অক্টোবর ২০২৬ -- : -- --

মেয়ের সংসার বাঁচাতে গিয়ে শ্বশুরবাড়িতেই খুন হলেন বাবা

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫০ পিএম

সংগৃহীত

মেয়ের সুখের সংসার টেকাতে বিরোধ মীমাংসা করতে গিয়েছিলেন। কিন্তু মেয়ের শ্বশুরবাড়িতেই প্রাণ দিতে হলো বাবাকে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ১০ টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৬৮) সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গল্লাসাঙ্গন গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে কাতার প্রবাসী মুন্না আহমদের সাথে আব্দুর রহমানের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই গাছ বিক্রির টাকা ও জমিজমা নিয়ে মুন্নার ভাই ওমর ফারুকের সাথে পারিবারিক বিরোধ চলছিল।

এই বিরোধ মেটাতেই বৃহস্পতিবার রাতে মেয়ের শ্বশুরবাড়িতে যান বৃদ্ধ আব্দুর রহমান। সেখানে আলোচনার একপর্যায়ে কথা কাটাকাটি হয়।

অভিযোগ, কথা কাটাকাটির জেরে ক্ষিপ্ত হয়ে ওমর ফারুক দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শ্বশুরের বাবা আব্দুর রহমানকে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্ত ওসমানী মেডিকেলে সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত ওমর ফারুক পলাতক রয়েছে বলে জানা গেছে।

Link copied!