প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম
স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা ছাড়াই সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। সহকারী সার্জন পদে আবেদনের জন্য এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
আবেদনের সময়সীমা
আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে প্রার্থীদের একাধিক আবেদন ফরম পূরণ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
লিখিত পরীক্ষা ও নম্বরবণ্টন
৫১তম বিশেষ বিসিএসে ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তী সময়ে পিএসসির ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে জানানো হবে।
লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। অন্যদিকে, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
বিষয়ভিত্তিক নম্বরবণ্টনে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে বরাদ্দ রয়েছে। মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে এবং সংশ্লিষ্ট ক্যাডার ও প্রাসঙ্গিক বিষয়ে ১০০ নম্বর থাকবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বয়সসীমা ও যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
এ ছাড়া, সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
