প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভুলের কারণে দীর্ঘ ১১ মাস ধরে বেতন-বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব শিক্ষক-কর্মচারীর বকেয়া বেতন ও বোনাস পরিশোধের সুযোগ তৈরি করা হয়েছে।
মাউশি জানিয়েছে, এনআইডির তথ্যের ভুলের কারণে আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত কোনো শিক্ষক-কর্মচারীর এক বা একাধিক মাসের বেতন বা বোনাস না হয়ে থাকলে, সংশ্লিষ্ট মাসের বেতন-বোনাস জমা দেওয়ার (সাবমিট) অপশন প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত সেপ্টেম্বর মাসের বেতন বিল সাবমিট-সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ সময়ের মধ্যে যে মাস বা মাসগুলোর বেতন-বোনাস বাকি রয়েছে, সেগুলোর বিল প্রতিষ্ঠানের প্যানেল থেকে সাবমিট করা যাবে।
তবে ব্যাংক-সংক্রান্ত তথ্যের ভুলের কারণে যথাসময়ে সাবমিট করা এমপিওর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত এলে, সেটিকে বকেয়া হিসেবে নতুন করে বিল সাবমিট করার প্রয়োজন নেই। এ ধরনের অর্থ ‘EFT salary Bounce’ অপশনে সংশ্লিষ্ট শিক্ষকের নাম যুক্ত হওয়ার পর সঠিক তথ্য সংশোধন করে পুনরায় পাঠানো হবে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর ২০২৬ মাসের এমপিও বিল সাবমিট করতে হবে। একই সময়ের মধ্যে প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত বকেয়া মাসগুলোর বিলও মাসওয়ারি সাবমিট করতে বলা হয়েছে।
এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে মাউশি।
