সোমবার ০৫, অক্টোবর ২০২৬

সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --

জুড়ীর চারুবালা হোমস্টে পেল ‘বর্ষসেরা হোমস্টে' পুরস্কার

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পিএম

‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরসের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস। ‘হোমস্টে’ ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে ‘বর্ষসেরা হোমস্টে’ পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরসের পরিচালক শাওন দে-এর পক্ষে সহযোগী রঞ্জিতা শর্মার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করা হয়।

দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি পর্যটকদের দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস। পাশাপাশি স্থানীয় পরিবেশে থাকার ব্যবস্থা, স্থানীয় খাবার ও জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়ে হোমস্টে পর্যটনকে জনপ্রিয় করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির পরিচালক শাওন দে দীর্ঘদিন ধরে পর্যটনসেবার সঙ্গে যুক্ত। তিনি পর্যটকদের ভ্রমণের সুযোগ করে দেওয়ার পাশাপাশি দেশের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে কাজ করছেন।

এ বছর পর্যটন উদ্যোক্তা, ট্যুর অপারেটর, হোটেল, বিনোদন পার্ক, তরুণ উদ্যোক্তা, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর, নারী উদ্যোক্তা, ট্যুর গাইড ও পর্যটন সাংবাদিকতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় শাওন দে বলেন, "এই স্বীকৃতি আমাদের জন্য আনন্দ ও গর্বের। এই পুরস্কার আমাদের কাজের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জুড়ীসহ মৌলভীবাজারে পর্যটনের অনেক সম্ভাবনা রয়েছে। স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে পর্যটনকে এগিয়ে নেওয়া গেলে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।"

Link copied!