প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারিতে ‘ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল সেরিমনি-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পিডিএফের সভাপতি আজহার ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস। তিনি বলেন, পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কেউ যেন পিছিয়ে না পড়ে, সে দায়িত্ব সমাজ ও পরিবারের। পিডিএফের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রতি নজর রয়েছে। অনেক একাডেমিক ভবন এখনও প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব নয় এবং পরীক্ষায় শ্রুতিলেখক পাওয়াও দুষ্কর। এসব বিষয় গুরুত্বসহকারে দেখার জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের বরণ ও বিদায় জানানোর এ উদ্যোগটি অত্যন্ত সুন্দর ও অনুপ্রেরণাদায়ক। বিশ্ববিদ্যালয়জীবনে নানা বাধা আসবে, তবে মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের মাধ্যমে তা মোকাবিলা করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের মধ্যে তিনি স্টিফেন হকিং, স্টিভি ওয়ান্ডার ও হেলেন কেলারের মতো মানুষের মানসিক শক্তি দেখতে পান। তাঁদের অসাধারণ মানসিক শক্তিই সাফল্যের মূল চাবিকাঠি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনে ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের প্রবেশগম্যতা নিশ্চিত করা হবে। তাদের জন্য র্যাম্প, লিফটসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পিডিএফের নেতৃবৃন্দ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা।
