মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম
সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --
সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার শমশেরনগর বাজারের লামাবাজার, স্টেশন রোড ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
অভিযানে লামাবাজারের ওম ট্রেডার্সকে ৩ হাজার টাকা, স্টেশন রোডের চৌধুরী ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং সায়েম হার্ডওয়্যারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি না করা এবং অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।