প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
আজ ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে দিবসটি পালিত হচ্ছে। প্রতি তিনজনের মধ্যে প্রায় একজনের মৃত্যু হৃদরোগে হচ্ছে। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস হৃদরোগে মৃত্যুর অন্যতম প্রধান কারণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় বগুড়া জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে (এনসিডি) কর্নারের কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব কর্নারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোগীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
এনসিডি কর্নারে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সারা বছর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ‘সিম্পল অ্যাপ’-এর মাধ্যমে রোগীদের ডিজিটাল ডকুমেন্টেশন করা হচ্ছে। নিয়মিত ফলোআপে না আসা রোগীদের ফোন কলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।
তবে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় বর্তমানে এনসিডি কর্নারে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধের সংকট দেখা দিয়েছে। শুরু থেকে সরকারের অপারেশন প্ল্যানের আওতায় কর্মসূচিটি পরিচালিত হলেও বর্তমানে কোনো অপারেশন প্ল্যান না থাকা এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে রোগীদের হৃদরোগের ঝুঁকি বাড়ছে।
বগুড়া জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালের তথ্য অনুযায়ী, ১৯ হাজার ৫২০ জন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের নিবন্ধিত রোগী নিয়মিত সেবা গ্রহণ করছেন। এর মধ্যে ৯ হাজার ৬০৭ জন শুধু উচ্চ রক্তচাপের রোগী, ৯ হাজার ৯১৩ জন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত এবং ২০ হাজার ৯৭৩ জন শুধু ডায়াবেটিসের রোগী।
তথ্য অনুযায়ী, নিবন্ধিত রোগীদের মধ্যে ৬৬ শতাংশের রক্তচাপ স্বাভাবিক মাত্রায় বা নিয়ন্ত্রণে রয়েছে। ১৭ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই এবং ১৬ শতাংশ রোগী নিয়মিত ফলোআপে আসছেন না। সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় সব ওষুধ নিয়মিত না পাওয়ায় অনেক রোগী ফলোআপে আসার আগ্রহ হারাচ্ছেন।
জানা গেছে, বগুড়া জেলায় সরকারের বরাদ্দ করা এনসিডি ওষুধের সর্বশেষ চালান আসে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। তবে ওই চালানও রোগীর চাহিদার তুলনায় অপ্রতুল ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে এনসিডি কর্নারের মেডিকেল অফিসার ও সিনিয়র স্টাফ নার্সরা লাইফস্টাইল-সংক্রান্ত পরামর্শসহ রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। বিশ্ব হার্ট দিবসের প্রাক্কালে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে এনসিডি কর্নারে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ততা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
