মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পিএম
বুধবার ৩০, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
একই প্রজ্ঞাপনে মৌলভীবাজারের নতুন সিভিল সার্জন হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। পদায়ন ও বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি ক্যাম্পাস রিপোর্ট কে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) পবন চৌধুরী।
এর আগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় সিভিল সার্জন মামুনুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সিভিল সার্জন মো. মামুনুর রহমানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, প্রশাসনিক গাফিলতি ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই রোববারের সভা চলাকালে মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ফোনে কথা বলে অনতিবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। মন্ত্রীর ফোনের পরই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববারের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় অংশ নেন। ওই সভায় উপস্থিত ছিলেন না সিভিল সার্জন মামুনুর রহমান। এর আগেও প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকালেও তিনি অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।