বুধবার ৩০, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ৩০, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি জাহানাবাদী (Mr. Jalil Rahimi Jahan Abadi)।

​আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

​বৈঠকে বাংলাদেশ ও ইরানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উভয় দেশের শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনকে আরও সুদৃঢ় করতে ভবিষ্যতে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং বিভিন্ন একাডেমিক প্রজেক্ট চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

​এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “ইরান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলবন্ধন দীর্ঘদিনের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার পরিধি বাড়াতে আমরা আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে বিশ্বাসী। ইরানের রাষ্ট্রদূতের এই সফর এবং আমাদের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আন্তর্জাতিক সেমিনারে তাঁর উপস্থিতি দুই দেশের শিক্ষাবৈচিত্র্য ও পারস্পরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমরা আশা করি, ভবিষ্যতে উভয় দেশের শিক্ষক ও গবেষকরা যৌথভাবে কাজ করার মাধ্যমে আরও উপকৃত হবেন।”

​ইরানের রাষ্ট্রদূত Mr. Jalil Rahimi Jahan Abadi জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আধুনিক অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে জবির সঙ্গে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

​উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ আয়োজিত ‘War in West Asia and World Media: Ethical Accountability and Introspection’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য ইরানের রাষ্ট্রদূত আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগমন করেন। উক্ত সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Link copied!