প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সাবেক ছাত্রদল ও জাকসু নেতারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল ও জাকসু নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অধ্যাপক নাহরিন ইসলাম খানের শিক্ষাগত ও গবেষণাগত যোগ্যতার বিবরণ তুলে ধরে বলা হয়, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে ‘এনভায়রনমেন্টাল গভর্ন্যান্স’ বিষয়ে মাস্টার্স এবং মারবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে ‘কমিউনিকেশন অ্যান্ড ইনোভেশন’ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফেলোশিপ, গবেষণা অনুদান ও সম্মাননা অর্জন করেছেন।
তার রাজনৈতিক ও পারিবারিক পটভূমি তুলে ধরে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অধ্যাপক নাহরিন বিএনপি-সমর্থক পরিবারের সন্তান। তার বাবা মরহুম এন আই খান বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং জাহানারা ইমাম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
জাকসু নির্বাচন প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন নিয়ে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগের প্রতিবাদে তৎকালীন সময়ে পদত্যাগ করে নির্বাচন বয়কট করা তিন শিক্ষকের একজন ছিলেন অধ্যাপক নাহরিন। এছাড়া তিনি বিভিন্ন গণমাধ্যমে কলাম লেখা ও টেলিভিশন আলোচনায় অংশ নিয়ে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মতামত দিয়ে আসছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৪ নভেম্বর সিরাজগঞ্জের একটি আদালতে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে দণ্ডবিধির ৫০০ ধারায় একটি মামলা করেন জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ-২ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। এছাড়া ২০২৬ সালের জানুয়ারিতে হুমকিমূলক চিঠি পাওয়ার অভিযোগে তিনি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
নেতৃবৃন্দ বলেন, জাবির একাডেমিক মানোন্নয়ন, প্রশাসনিক সুশাসন ও নীতিনির্ধারণী কার্যক্রমকে গতিশীল করতে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। এজন্য সিন্ডিকেটে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে তাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক জাকসু ভিপি ও জাবি ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি মো. মুনির হোসাইন ও মো. জসীম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ধীমান ও আবদুর রহমান বাবুল, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাফিজুর রহমান সোহানসহ জাকসু ও জাবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
#......
