বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

পাঠ্যবই প্রকাশে তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত মৌলিক পাঠ্যবই, গবেষণাধর্মী ও অনুবাদভিত্তিক প্রকাশনা কার্যক্রম জোরদার করতে বাংলা একাডেমি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর সঙ্গে পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলা একাডেমির মহাপরিচালকের সম্মেলন কক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং বাংলা একাডেমির পক্ষে মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এর আগে ফার্মগেটের আর এইচ হোম সেন্টারে ইউপিএলের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আমানুল্লাহ এবং ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন স্বাক্ষর করেন। এছাড়া প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সমঝোতা স্মারকে সই করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সমঝোতার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণাকর্ম, একাডেমিক রচনা এবং অনুবাদধর্মী বই প্রকাশের সুযোগ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে বাংলা একাডেমির ভাষা ও সাহিত্যভিত্তিক প্রকাশনা অভিজ্ঞতা, পিআইবির গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক দক্ষতা এবং ইউপিএলের আন্তর্জাতিক মানের একাডেমিক প্রকাশনা অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন পাঠ্যবই ও গবেষণাধর্মী প্রকাশনা তৈরি করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রায় চার হাজার কোর্স চালু থাকলেও মানসম্মত মৌলিক পাঠ্যবইয়ের ঘাটতি রয়েছে। শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে নিম্নমানের গাইড বইয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে মানসম্পন্ন পাঠ্যবই প্রকাশে কাজ করছে।”

তিনি আরও বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের মান শুধু পাঠদানের ওপর নির্ভর করে না; গবেষণা, জ্ঞানচর্চা ও মানসম্মত প্রকাশনাও সমান গুরুত্বপূর্ণ। এই সহযোগিতাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. ফারুক আহম্মেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!