বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

জাবিপ্রবি ছাত্রদলের তিন দফা কর্মসূচি, উপাচার্যকে স্মারকলিপি ও লিফলেট বিতরণ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পিএম

ছবি | ক্যাম্পাস রিপোর্ট

মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দণ্ডিতদের ফাঁসির রায় দ্রুত কার্যকর এবং ক্যাম্পাসে গোপন রাজনৈতিক তৎপরতা বন্ধের দাবিতে তিন দফা কর্মসূচি পালন করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের মূল সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অর্জন ও পরিকল্পনা সংবলিত লিফলেট সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন নেতা-কর্মীরা।

পরে জাবিপ্রবি শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ ও সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের সই করা একটি স্মারকলিপি উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়।

উপাচার্য বরাবর দেওয়া ওই স্মারকলিপিতে সুনির্দিষ্টভাবে ছয়টি বিষয় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসে একটি ছাত্রসংগঠনের কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে, শিবির সভাপতির পক্ষ থেকে সংবাদমাধ্যমে ক্যাম্পাসে তাঁদের ৩০০ জন সদস্য থাকার দাবি করা হয়েছে। এই দাবির স্বচ্ছতা নিশ্চিত করতে ওই সদস্যদের প্রকৃত পরিচয় ও সাংগঠনিক সম্পৃক্ততা যাচাই করার দাবি জানিয়েছে ছাত্রদল।

এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের নাম ও পরিচয় ব্যবহার করে তাঁদের অজ্ঞাতসারে কোনো ধরনের সাংগঠনিক বা কথিত গুপ্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত করতে ভয়ভীতি, চাপ বা হুমকি দেওয়া এবং অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হচ্ছে কি না, তা-ও তদন্তের আওতায় আনার কথা বলা হয়েছে।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে শিক্ষার্থীদের বক্তব্য ও সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানিয়েছে সংগঠনটি। স্মারকলিপিতে ছাত্রদলের নেতারা উল্লেখ করেন, কোনো শিক্ষার্থী যেন রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে ভীত বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সমাবেশে শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, গতকাল মানবতাবিরোধী অপরাধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীর ফাঁসির রায় হয়েছে। সেই রায়ের প্রেক্ষিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আজকের এই মিছিল।

আমাদের প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী একটি কথা বলেছিলেন, ‘জজ সাহেব, এই ট্রাইব্যুনাল যেন থাকে।’ এই ট্রাইব্যুনাল বজায় থাকলে মানবতাবিরোধী অপরাধে যুক্ত অন্যদেরও ফাঁসি ইনশাআল্লাহ নিশ্চিত হবে। সেই ট্রাইব্যুনাল এখনো বিদ্যমান। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের ফাঁসির রায় অবশ্যই কার্যকর করবে, ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।”

Link copied!