বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১৭, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ডে-কেয়ারে নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি জাকসুর

জাবি থেকে ইমরুল কায়েস

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া ডে-কেয়ার সেন্টারে নারী শিক্ষার্থীদেরও সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ দাবিতে স্মারকলিপি দেন জাকসুর কার্যকরী সদস্য নাবিলা বিনতে হারুন। এ সময় জাকসুর জিএস মাজহারুল ইসলাম ও কার্যকরী সদস্য আবু তালহা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি মাতৃত্বের দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসে শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা না থাকায় সন্তানদের দেখাশোনার পাশাপাশি একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে।

জাকসুর পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডে-কেয়ার সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিলেও এতে নারী শিক্ষার্থীদের সুবিধা নেওয়ার সুযোগ রাখা হয়নি। শিক্ষক-কর্মকর্তাদের পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও এই সুবিধার আওতায় আনার দাবি জানানো হয়েছে।

নাবিলা বিনতে হারুন বলেন, ‘২০২৬ সালে এসেও যদি একজন নারীকে শিক্ষা ও মাতৃত্বের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’

জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, একজন নারী শিক্ষার্থী যেন মাতৃত্বের কারণে উচ্চশিক্ষা বন্ধ করতে বাধ্য না হন, তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। ডে-কেয়ার সুবিধায় নারী শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

Link copied!