প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম
আন্তর্জাতিক গবেষণা অনুদানে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অংশগ্রহণ বাড়াতে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।
শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আয়োজনে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী ‘Vice-Chancellors' Dialogue: Shaping the Future of Higher Education’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপে তিনি এ কথা বলেন।
দুই দিনব্যাপী এ সংলাপ গত ২১ ও ২২ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৬ জন উপাচার্যসহ নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক এবং দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেন।
সংলাপে বাংলাদেশের উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব ও সুশাসন, শিক্ষার মান নিশ্চিতকরণ, আন্তর্জাতিকীকরণ, গবেষণা ও উদ্ভাবন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সহযোগিতা, পাঠ্যক্রম সংস্কার, শিক্ষার্থী সহায়তা, কর্মসংস্থানযোগ্যতা, আর্থিক ও ক্রয় ব্যবস্থাপনা এবং ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সংলাপে আন্তর্জাতিক গবেষণা অনুদানে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের আরও বেশি অংশগ্রহণের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন ডুয়েট উপাচার্য। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ হচ্ছেন সবচেয়ে বেশি ইন্টেলেকচুয়াল। আন্তর্জাতিকভাবে যে রিসার্চ গ্রান্টগুলো কল করা হয়, সেখানে যাতে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অধিক হারে অংশগ্রহণ করতে পারেন, সে ব্যাপারে চেষ্টা আরও বৃদ্ধি করা উচিত বলে মনে করি।”
সংলাপের দ্বিতীয় দিনের আলোচনায় বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম, সমঝোতা ও চুক্তি, বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজীকরণ, আবাসন সুবিধা এবং আইকিউএসির মাধ্যমে জব ফেয়ার আয়োজনসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
এ সময় উচ্চশিক্ষায় মানসম্মত পাঠদান, গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণ, শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ উচ্চশিক্ষার করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল নীতিনির্ধারক, উপাচার্য, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, সংলাপ থেকে পাওয়া অভিজ্ঞতা ও নীতি সুপারিশগুলো বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক, আন্তর্জাতিক মানসম্পন্ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
