মঙ্গলবার ০৮, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ০৮, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা নিশ্চিতে বেরোবির দপ্তর পরিদর্শনে উপাচার্য

তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়ানুবর্তিতা নিশ্চিত এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে অফিস সময় শুরুর পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও বিভাগ সরেজমিনে পরিদর্শনে বের হন উপাচার্য। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক কার্যক্রম এবং অফিসের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে ২২ জন কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়।

পরিদর্শনের সময় উপাচার্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা একটি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধির অন্যতম প্রধান শর্ত।

এ সময় যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও আন্তরিক ও সচেতন হওয়ার নির্দেশনা দেন তিনি।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে। প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Link copied!