রবিবার ০৬, সেপ্টেম্বর ২০২৬

রবিবার ০৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকতা কর্মশালা

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ডেটাভিত্তিক অনুসন্ধান, ফিচার লেখা ও ডিজিটাল নৈতিকতা বিষয়ে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শাবিপ্রবিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটাভিত্তিক অনুসন্ধান, বস্তুনিষ্ঠ ফিচার লেখা এবং ডিজিটাল নৈতিকতা সম্পর্কে ধারণা থাকা জরুরি। এ ধরনের প্রশিক্ষণ ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, কোনো মানুষের পক্ষেই সবকিছু জানা সম্ভব নয়। প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞানের সীমাবদ্ধতা অনেকটাই দূর করা সম্ভব। বর্তমানে বিভিন্ন মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে মানুষ অধিকতর বিশ্বাস করে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা এবং তথ্যের সত্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার। স্বাগত বক্তব্য দেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হামিদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি নোমান ফয়সাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন আল জাজিরার বাংলাদেশ প্রতিনিধি মউদুদ আহমেদ সুজন, প্রথম আলো ডিজিটালের ম্যানেজার (বিজনেস) খায়রুল বাশার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফয়জুল্লাহ ওয়াসিফ।

Link copied!