বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

ঘরে বসে রাজকীয় স্বাদ উপভোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ১১:০৮ পিএম

ফাইল ফটো

ঈদের উৎসব মানেই জমকালো আয়োজন আর অতিথি আপ্যায়নের বিশেষ প্রস্তুতি। সেই আয়োজনে যদি থাকে নতুন স্বাদের কোনো আকর্ষণীয় পদ, তবে আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। এমনই এক ব্যতিক্রমী রেসিপি ‘বিফ পেশোয়ারি পর্দা’, যা ঘরোয়া দাওয়াত কিংবা পারিবারিক মিলনমেলায় সহজেই হয়ে উঠতে পারে টেবিলের প্রধান আকর্ষণ।

রন্ধনপ্রেমীদের জন্য রেসিপিটি শেয়ার করেছেন নাজিয়া ফারহানা। প্রচলিত কিমার পদ থেকে কিছুটা আলাদা এই খাবার মূলত মসলাদার গরুর কিমা দিয়ে তৈরি, যা নরম পরোটা বা রুমালি রুটির ভেতরে ভরে পুঁটলির মতো মুড়িয়ে বেক করা হয়। ফলে বাইরের স্তর থাকে হালকা মচমচে আর ভেতরে থাকে সুগন্ধি, ঝরঝরে কিমার পুর—দুই স্বাদের অনন্য মেলবন্ধন।

প্রস্তুত প্রণালিও বেশ সহজ। প্রথমে কড়াইয়ে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নিতে হবে। এরপর গরুর কিমা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আদা-রসুনবাটা, দই ও কাজুবাদামবাটা যোগ করে মিশ্রণটি ধীরে ধীরে কষাতে হবে, যাতে মসলা ও কিমা সুন্দরভাবে মিশে যায়। সবশেষে গরম মসলা ছড়িয়ে শুকনো ও ঝরঝরে পুর তৈরি করতে হবে।

পুর তৈরি হয়ে গেলে পরোটা বা রুমালি রুটির মাঝখানে পরিমাণমতো কিমা রেখে চারদিক থেকে মুড়ে পুঁটলির আকার দিতে হবে। ওপরে সামান্য ঘি ব্রাশ করে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগে থেকে গরম করা ওভেনে প্রায় ১০ মিনিট বেক করতে হবে। ব্যস, তৈরি সুস্বাদু বিফ পেশোয়ারি পর্দা।

ঈদের দুপুর কিংবা রাতের দাওয়াতে সাধারণ কাবাব বা কোর্মার বদলে এই পদ পরিবেশন করলে অতিথিরা পাবেন নতুন স্বাদের অভিজ্ঞতা। চাটনি বা সালাদের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে। ভিন্নধর্মী অথচ সহজ এই রেসিপি যে কোনো উৎসবের টেবিলে এনে দেবে রাজকীয় ছোঁয়া।

Link copied!