বুধবার ০২, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ০২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের সঙ্গে চুক্তি

ফাইল ফটো

শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘ক্যারিয়ার হাব’ স্থাপনে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) অধীনে পরিচালিত ‘ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক’-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এবং ব্র্যাকের পক্ষে সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ক্যারিয়ার হাব স্থাপন করা হবে। এটি শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে প্রবেশের প্রয়োজনীয় প্রস্তুতিতে সহায়তা করবে। পাশাপাশি চাকরি, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার-সংক্রান্ত বিভিন্ন সেবার জন্য এটি ‘ওয়ান-স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে।

চুক্তি অনুযায়ী, ক্যারিয়ার হাবের জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থান ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সহযোগিতা করবে। অন্যদিকে, ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাবের কারিগরি কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষিত জনবল নিয়োগ, তথ্য ব্যবস্থাপনা ও মান নিশ্চয়তার দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, ব্র্যাক এসডিপির প্রোগ্রাম হেড ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম ফারুক, ব্র্যাক এসডিপির ম্যানেজার জে এম সাইফুল ইসলাম, ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান  উপস্থিত ছিলেন।

ব্র্যাক এসডিপির প্রোগ্রাম হেড ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম ফারুক বলেন, ‘এই ক্যারিয়ার হাব শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য প্রস্তুত করবে না, পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কাজ করবে।’

পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘ক্যারিয়ার হাব শিক্ষার্থীদের জন্য যে সেবাগুলো নিয়ে আসছে, তা অত্যন্ত সময়োপযোগী। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা এই সুফলগুলো গ্রহণ করুক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে।’

ব্র্যাক এসডিপির ম্যানেজার জে এম সাইফুল ইসলাম বলেন, ‘ক্যারিয়ার হাবের দক্ষ ও অভিজ্ঞ কাউন্সেলরদের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় নিয়ে বিশেষ সেবা দেওয়া হবে।’

ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান বলেন, ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইকোসিস্টেমের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করবে এই ক্যারিয়ার হাব।’

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ‘আমি বিশ্বাস করি, এই উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগোপযোগী দক্ষতা অর্জনে ক্যারিয়ার হাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘এআইয়ের যুগে টিকে থাকতে এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে হবে। আমাদের এমন উদ্যোগ নিতে হবে, যাতে শিক্ষার্থীরা পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।’ এ সময় তিনি ব্র্যাকের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জব ফেয়ার আয়োজনের পরামর্শ দেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম এবং সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের পরিচালক অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুর রহিম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিবুর রহমান, ব্র্যাকের ক্যারিয়ার হাবের ম্যানেজার মো. আলিউল আজিম, ক্যারিয়ার হাব খুলনার সেন্টার ম্যানেজার আবিদ আহসান শান্ত এবং ইন্টার্ন সাজ্জাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Link copied!