মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
বুধবার ০২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
রুয়েট ডে'তে নিরবের রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পেইন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিশ্ববিদ্যালয় দিবস (রুয়েট ডে) উপলক্ষে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পেইনের আয়োজন করেছে ‘নিরাপদ রক্তের বন্ধন—নিরব (NIROB), রুয়েট’।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রুয়েট ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
ক্যাম্পেইনে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিনা মূল্যে রক্তের গ্রুপ, রক্তচাপ, সাধারণ স্বাস্থ্য ও দন্ত পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকেরা জানান, জরুরি সময়ে এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। রক্তদানে উৎসাহিত করা এবং শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ আগ্রহী সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ক্যাম্পেইনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ক্যাম্পাস রিপোর্ট। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে এবং স্বেচ্ছায় রক্তদানে আরও মানুষ এগিয়ে আসবেন।
আগ্রহী ব্যক্তিদের আয়োজকদের নির্ধারিত মাধ্যমে নিবন্ধন করে কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আয়োজকদের মতে, রুয়েট ডে উপলক্ষে এ মানবিক উদ্যোগ দিবসটির আয়োজনকে আরও অর্থবহ করে তুলবে।