বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাহবুবুর রহমান
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ এএম
বুধবার ০২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়েল) রিয়ার এডমিরাল মো. নিয়ামত এলাহি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তিনি সদ্য সাবেক উপাচার্য রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, 'বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি আইন, ২০১৩'-এর ১২(১) ধারা অনুসারে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর বা তাঁর অবসর গ্রহণের বয়স—যেটি আগে ঘটে, ততদিন তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্বকালীন সময়ে তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও প্রদেয় সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসেই অবস্থান করতে হবে।
দীর্ঘ ও বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারের অধিকারী রিয়ার এডমিরাল মো. নিয়ামত এলাহি ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে উইপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি পান। মেরিটাইম ইউনিভার্সিটির দায়িত্ব নেওয়ার পূর্বে তিনি নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (NATDOC) কমান্ড্যান্ট ছাড়াও কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড (CSD), বাংলাদেশ নেভাল ডকইয়ার্ডের জেনারেল ম্যানেজার (PE) এবং ডিইডব্লিউ (DEW) লিমিটেডের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন)-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও কৌশলগত পদে কাজ করেছেন। এছাড়া ২০০৬-০৭ সালে আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি ও গবেষণা উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নৌ অস্ত্র, নৌ ইলেকট্রনিকস ও মেরিন ইলেকট্রিক্যাল বিষয়ের এই বিশেষজ্ঞ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও অত্যন্ত সুপরিচিত। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগ থেকে বিএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স, পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে ওয়ার স্টাডিজে এমএসসি এবং এমআইএসটি (MIST) থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
একই সাথে তিনি যুক্তরাজ্য, ইতালি এবং দেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC) ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। তাঁর এই সমৃদ্ধ একাডেমিক পটভূমি ও বহুমাত্রিক প্রশাসনিক অভিজ্ঞতা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতিশীলতা আনবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।