মঙ্গলবার ১৮, আগস্ট ২০২৬

মঙ্গলবার ১৮, আগস্ট ২০২৬ -- : -- --

অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালু করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৫৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ক্যারিয়ার সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সেন্টারের মাধ্যমে চাকরির প্রস্তুতির পাশাপাশি ভাষা শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নেতৃত্ব, সৃজনশীলতা ও বিভিন্ন দক্ষতা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করা হবে।

সোমবার (১৭ আগস্ট) সকালে ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজের যৌথ উদ্যোগে পরিচালিত ন্যাশনাল ইউনিভার্সিটি এমপ্লয়েবিলিটি রিফর্ম ইনিশিয়েটিভের (এনইউইআরআই) ‘ব্রিজিং অ্যাসপিরেশন টু অ্যাচিভমেন্ট’ শীর্ষক ক্যারিয়ার সেন্টার প্রকল্পের গ্র্যাজুয়েশন উৎসবে বিষয়টি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, দেশের অধিভুক্ত কলেজগুলোতে ক্যারিয়ার সেন্টার চালুর মাধ্যমে শিক্ষার্থীদের শুরু থেকেই কর্মজীবন সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যারিয়ার সেন্টারগুলো শিক্ষার্থী ও কর্মক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। ক্যারিয়ার পরিকল্পনা, যোগাযোগ দক্ষতা, ভাষাগত সক্ষমতা, নেতৃত্ব, দলগত কাজ ও সমস্যা সমাধানের মতো দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশেও এসব সেন্টারে কার্যক্রম পরিচালিত হবে।

শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এআই, রোবোটিকস, ডেটা সায়েন্স, হসপিটালিটি ম্যানেজমেন্টসহ সময়ের চাহিদাসম্পন্ন বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মবাজারের উপযোগী করে তুলতে নতুন নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর বড় একটি অংশ মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানোকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংস্কার কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার রাশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়। লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমীন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, উপাধ্যক্ষ ড. বিলকিস বেগম, বিওয়াইএলসির ভারপ্রাপ্ত ইনচার্জ ও সিনিয়র ম্যানেজার হাবিবুল্লাহ তামিম, বিওয়াইএলসির ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

Link copied!