মঙ্গলবার ০৪, আগস্ট ২০২৬

মঙ্গলবার ০৪, আগস্ট ২০২৬ -- : -- --

‘রাবির জিএস আম্মার মানসিক ভারসাম্যহীন’: নাছির উদ্দিন নাছির

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ করে বলেছেন, ‘গত দেড় বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একজনকে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে, যাকে আমি মানসিক ভারসাম্যহীন মনে করি। তিনি নীতিনির্ধারণে মনোযোগ না দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখাচ্ছেন ও হুমকি দিচ্ছেন।’

গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শাখা ছাত্রদল আয়োজিত ‘রক্তাক্ত জুলাই স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে নাছির এসব কথা বলেন।

নাছির উদ্দিন নাছির বলেন, ‘এভাবে চলতে থাকলে সাধারণ শিক্ষার্থীরা একসময় রুখে দাঁড়াবে। তখন পালানোর পথও খুঁজে পাওয়া যাবে না।’

তিনি অভিযোগ করেন, ‘গোপন রাজনীতির মাধ্যমে দেশের প্রকাশ্য রাজনীতিকে কলুষিত করার চেষ্টা চলছে। গত কয়েকদিন ধরে হবিগঞ্জ ও সিলেট অঞ্চলে ছাত্রদলের নাম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা সমালোচনা করা হচ্ছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জন্য আশীর্বাদ হওয়ার কথা থাকলেও কিছু মানুষের কর্মকাণ্ড সেটিকে অভিশাপে পরিণত করছে।’

নাছির আরও বলেন, ‘নাসরিন ভুট্টো বাংলাদেশ ও এ দেশের রাজনীতিবিদদের নিয়ে যেসব তীর্যক ও অসার মন্তব্য করছেন, তার তীব্র নিন্দা জানাই। তবে তাঁর বক্তব্যের পাল্টা জবাব দেওয়াও ছাত্রদলের জন্য সমীচীন নয়।’

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অশুভ রাজনীতি’র উত্থান ঘটছে, যা কাম্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং রাজশাহী মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারকে নিয়ে নাছির উদ্দিন নাছিরের এসব বক্তব্যের বিষয়ে তাঁর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Link copied!