নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম
মঙ্গলবার ০৪, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
দাপ্তরিক শৃঙ্খলা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত করতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শনে যান নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরিদর্শনকালে উপাচার্য দাপ্তরিক কাজ কর্মের অগ্রগতি, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়নিষ্ঠতা এবং সার্বিক প্রশাসনিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ হাছান উদ্দীন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আজ আকস্মিক বিশ্ববিদ্যালয়ের ল্যাব, শ্রেণিকক্ষ ও দপ্তরসমূহ পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেছি। এতে যথাযথ কারণ ব্যতীত অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করা হয়েছে। উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের সকল কার্যক্রম ক্যাশলেস করার যে প্রক্রিয়া তা বাস্তবায়ন করা হবে, একই সঙ্গে দপ্তরগুলোর ডিজিটাল হাজিরা নিশ্চিতে পদক্ষেপ নেয়া হবে, যাতে করে আমরা সঠিকভাবে সবার উপস্থিতি মনিটর করতে পারি। এ সময় উপাচার্য যথাসময়ে উপস্থিতি নিশ্চিত এবং সুশৃঙ্খলভাবে অফিসসমূহের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে রোববার নোবিপ্রবির পাঁচটি আবাসিক হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরিদর্শনকালে উপাচার্য হলসমূহের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন উপস্থিত ছিলেন।